বন, বন্যপ্রাণ ও পরিবেশ রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে। জঙ্গলের ভিতরে বনদপ্তরের আইন অমান্য করে কোনও ধরনের পর্যটন পরিকাঠামো গড়ে তোলা যাবে না। বিশ্ব পর্যটন দিবসের প্রাক্কালে শনিবার লাটাগুড়িতে এক সচেতনতামূলক অনুষ্ঠানে এই বার্তাই দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ।
পর্যটন ব্যবসায়ী ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা দিতে প্রায় ছয় কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন পর্যটনমন্ত্রী। পরে প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে শংকর ঘোষ বলেন, বন ও বন্যপ্রাণকে রক্ষা করেই পর্যটনের উন্নয়ন করতে হবে। জঙ্গলের ভিতরে নতুন করে কোনও রিসোর্ট বা হোমস্টে তৈরির অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।
মন্ত্রী জানান, উত্তরবঙ্গে পর্যটনের আরও বিকাশে একাধিক পরিকল্পনা নিয়েছে পর্যটন দপ্তর। তবে পর্যটনের প্রসারের পাশাপাশি পরিবেশ, বন ও বন্যপ্রাণ সংরক্ষণের বিষয়টিকেও সমান গুরুত্ব দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়, সমাজসেবী বাপি গোস্বামী, প্রশাসনের আধিকারিক এবং পর্যটন ব্যবসায়ীরা। উপস্থিত ছিলেন পর্যটন ব্যবসায়ী রাজ বসুও।
এদিন লাটাগুড়ি থেকে দুটি বেসরকারি বাস পরিষেবার উদ্বোধন করেন শংকর ঘোষ। নতুন এই পরিষেবায় লাটাগুড়ির যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং পর্যটন ব্যবসায়ও গতি আসবে বলে আশা সংশ্লিষ্ট মহলের।
