টয়োটা কির্লোস্কার মোটর সম্প্রতি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি ইনস্টিটিউট অব টেকনোলজিতে তাদের ‘টয়োটা টেকনিক্যাল এডুকেশন প্রোগ্রাম’ (টি-টিইপি) চালুর কথা ঘোষণা করেছে। যুবসমাজের ক্ষমতায়ন এবং ভারতের অটোমোটিভ ট্যালেন্ট ইকোসিস্টেমকে শক্তিশালী করার লক্ষ্যে কোম্পানির কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী সত্যম রায় চৌধুরী, ডিরেক্টর জয়দীপ গুহ, শিলিগুড়ি ইনস্টিটিউট অব টেকনোলজির প্রিন্সিপাল ড. অনিন্দ্য বসু এবং টয়োটা কির্লোস্কার মোটরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই প্রোগ্রামটি চালু হয়। নবপ্রতিষ্ঠিত এই টি-টিইপি সেন্টারে সিভিল, ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এই তিনটি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে, যার বার্ষিক ছাত্রগ্রহণ ক্ষমতা ১৮০ জন।
চূড়ান্ত বর্ষের আইটিআই এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য তৈরি এই এক বছরের প্রোগ্রামে ক্লাসরুম শিক্ষার পাশাপাশি টয়োটার অনুমোদিত ডিলারশিপে অন-দ্য-জব ট্রেনিংয়ের সুযোগ থাকবে। শিক্ষার্থীদের অটোমোটিভ শিল্পের উপযোগী প্রযুক্তিগত জ্ঞান এবং ‘বডি ও মাইন্ড’ মডিউলের মাধ্যমে কর্মক্ষেত্রের শৃঙ্খলা ও দলগত কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। এই উদ্যোগটি ভারত সরকারের ‘স্কিল ইন্ডিয়া মিশন’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। টেকনো ইন্ডিয়া গ্রুপের এমডি শ্রী সত্যম রায় চৌধুরী টয়োটাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই আধুনিক ওয়ার্কশপ সুবিধা আমাদের শিক্ষার্থীদের আধুনিক অটোমোটিভ প্রযুক্তি এবং ব্যবহারিক শিক্ষার ক্ষেত্রে দারুণ সাহায্য করবে।” টয়োটা কির্লোস্কার মোটরের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বিক্রম গুলাটি জানান, এই সম্প্রসারণের মাধ্যমে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা বাস্তবসম্মত দক্ষতা অর্জনের সুবর্ণ সুযোগ পাবে। ২০০৬ সালে শুরুর পর থেকে টি-টিইপি প্রোগ্রামটি এখন পর্যন্ত ভারতের ১৪,০০০-এরও বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে, যাদের ৭০%-এর বেশি স্নাতক বিভিন্ন অটোমোবাইল সংস্থায় কর্মসংস্থান পেয়েছেন।
