কোচবিহারের সুনীতি রোডের হরিশচন্দ্র পাল ভবনে অবস্থিত কোচবিহার আর্কাইভের নিজস্ব কার্যালয়ে সম্প্রতি ‘বিশ্ব ঐতিহ্য দিবস-২০২৬’ উদযাপিত হয়। এবারের মূল বিষয় ছিল ‘কোচবিহারের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ঐতিহ্য বিষয়ক আলোচনা: কী ভাবছে তরুণ প্রজন্ম’।
২০ এপ্রিল বিকেল ৫টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশেষ অতিথি, কোচবিহার ইউনিভার্সিটি বি.টি. অ্যান্ড ইভিনিং কলেজের ইতিহাসের সহযোগী অধ্যাপক ড. মধুপর্ণা মিত্রগুহ। স্বাগত ভাষণ দেন আর্কাইভের-এর কার্যনির্বাহী সদস্য মনসিজ সেন। ড. মিত্রগুহ তাঁর ‘বিশ্ব ঐতিহ্য দিবস ও কোচবিহারের ঐতিহ্য’ শীর্ষক ভাষণে বিশ্ব ও অঞ্চলভিত্তিক প্রেক্ষাপটে ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
জেলার ৮টি স্বনামধন্য বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। এর পাশাপাশি ‘আর্কাইভের দৃষ্টিতে কোচবিহারের ঐতিহ্য’ শীর্ষক একটি বিশেষ প্রদর্শনী এবং আর্কাইভ পরিদর্শনের ব্যবস্থা করা হয়। বিশেষজ্ঞদের উপস্থিতিতে ‘ঐতিহ্য চর্চা’-র ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনাচক্রও আয়োজিত হয়।
বিচারক ড. মিত্রগুহ ও ঋষিকল্প পাল বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেন। যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন তানভীর হোসেন (বিবেকানন্দ বিদ্যাপীঠ) ও প্রেরণা কর্মকার (এপিক পাবলিক স্কুল)। তাঁদের বিষয় ছিল লোকসংগীত ও রাজবাড়ির বাইরের স্থাপত্য। দ্বিতীয় স্থান অধিকার করে দেবাংশিক বিশ্বাস (টেকনো ইন্ডিয়া), তার বিষয় ছিল কুশান ও দোতারা পালা। বাউটি নদী নিয়ে বক্তব্য রেখে তৃতীয় স্থান পায় গোপালপুর হাইস্কুলের মণিকা সিংহ কার্জী।
অঙ্কিতা বর্মন ও পার্বণী চৌধুরীর সঞ্চালনায় এই অনুষ্ঠানটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। রাত ৮টা নাগাদ শ্রী অনুব্রত চক্রবর্তীর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে এই সন্ধ্যার শেষ হয়। তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে খুশি আর্কাইভের সকল সদস্য ও উপস্থিত অতিথিরা।
কোচবিহার আর্কাইভে বিশ্ব ঐতিহ্য দিবস উদযাপন
