মাত্র ১১ টাকায় দেখতে পাবেন ‘মাতৃভূমি’, প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ সলমনের

নানা জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তির তারিখ ঘোষণা হল সলমন খানের আসন্ন দেশাত্মবোধক ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর। শুক্রবার ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে আগামী ৪ ডিসেম্বর মুক্তির কথা জানান অভিনেতা। একই অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণাও করেন ভাইজান। তাঁর ঘোষণা অনুযায়ী, ৭৫ বছর বা তার বেশি বয়সী দর্শকেরা মাত্র ১১ টাকায় ছবিটি দেখার সুযোগ পাবেন।

গত এক বছর ধরে নানা কারণে বারবার পিছিয়েছে ছবিটির মুক্তির পরিকল্পনা। প্রথমে ‘ব্যাটল অফ গালওয়ান’ নামে পরিচিত এই ছবির নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’। সেন্সর সংক্রান্ত জটিলতা-সহ একাধিক বাধার কারণে ছবিটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তির দিন ঘোষণা করলেন সলমন। তবে ছবির মুক্তির ঘোষণার পাশাপাশি প্রবীণদের জন্য তাঁর বিশেষ উদ্যোগই এখন বেশি চর্চায়। ৭৫ বছর পেরোনো নাগরিকদের জন্য মাত্র ১১ টাকার টিকিটের ব্যবস্থা করে তাঁদের প্রতি সম্মান ও ভালোবাসার বার্তা দিয়েছেন অভিনেতা।