আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ১৯% বেড়েছে আধার হাউজিং ফাইন্যান্সের মুনাফা

আধার হাউজিং ফাইন্যান্স লিমিটেড ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে কর-পরবর্তী মুনাফা (PAT) ১৯% বেড়ে ২৮২ কোটি টাকা করেছে। সংস্থার সম্পদ ব্যবস্থাপনা (AUM) ১৮% বেড়ে ৩১,৩৬৪ কোটি টাকা হয়েছে, যা গত বছর ছিল ২৬,৫২৪ কোটি টাকা। একই সঙ্গে নেট ওয়ার্থও ১৯% বেড়ে ৭,৮৫৩ কোটি টাকায় পৌঁছেছে।

এই সময়ে সংস্থাটি ৩.৪০ লক্ষের বেশি ঋণ অ্যাকাউন্টে পরিষেবা দিয়েছে। মোট অনাদায়ী ঋণের হার ১.৩১%-এ স্থির রয়েছে। রিটার্ন অন অ্যাসেট (ROA) ছিল ৪% এবং রিটার্ন অন ইক্যুইটি (ROE) ১৪.৭%। সংস্থা জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবর্ষের  প্রথম ত্রৈমাসিক  থেকে ঋণ বিতরণের হিসাব চেকের টাকা জমা হওয়ার ভিত্তিতে করা হচ্ছে। তবে আগের পদ্ধতিতে হিসাব করলে ঋণ বিতরণেও ১৯% বৃদ্ধি দেখা যেত।

সংস্থার এমডি ও সিইও ঋষি আনন্দ বলেন, নগরায়ণ বৃদ্ধি, কম মর্টগেজ ব্যবহার এবং পিএমএওয়াই-ইউ ২.০ প্রকল্পের ফলে সাশ্রয়ী মূল্যের আবাসন ঋণের চাহিদা বাড়ছে। বর্তমানে সংস্থার ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৬২৮টি শাখা রয়েছে। পাশাপাশি এআই ও ডিজিটাল প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়ে ঋণ মূল্যায়ন, কাজের গতি এবং গ্রাহক পরিষেবা আরও উন্নত করা হচ্ছে।

সংস্থার মতে, কলকাতা-সহ পূর্ব ভারতে প্রথমবার বাড়ি কিনতে আগ্রহী ও নিম্ন আয়ের মানুষের মধ্যে সাশ্রয়ী আবাসন ঋণের চাহিদা আরও বাড়বে। প্রথম ত্রৈমাসিকের ভালো ফল আগামী দিনে ঋণ বিতরণ, AUM বৃদ্ধি এবং মুনাফার লক্ষ্যমাত্রা পূরণে সংস্থার আত্মবিশ্বাস বাড়িয়েছে।