খু*নের ঘটনায় অধরা অভিযুক্ত! টায়ার জ্বা*লিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের

বাইক রাখাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবকের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুরের চোপড়া। শনিবার অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল হন নিহত রেজাউল হকের পরিবার ও স্থানীয় গ্রামবাসীরা।

জানা গিয়েছে, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় চোপড়া থানার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটা এলাকায় রাস্তায় বাইক রাখা নিয়ে বিবাদের সূত্রপাত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মেরাজুল ইসলামের পরিবারের সঙ্গে রেজাউল হকের পরিবারের তীব্র বচসা শুরু হয়, যা পরে সংঘর্ষে পরিণত হয়।

অভিযোগ, মেরাজুল ইসলামের পরিবারের সদস্যরা বাঁশ ও লাঠিসোটা নিয়ে রেজাউল হকের ওপর হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় রেজাউল হককে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে বলে অভিযোগ। এদিকে, ঘটনার ছয়দিন কেটে গেলেও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে পরিবার ও স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে চিতলঘাটা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।

টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ও যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।