চুরির পর বারান্দায় কালো প্যাকেট, মিলল গয়না ও টাকা!

প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না, নগদ ৩০ হাজার টাকা চুরি হয়ে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই গৃহস্থের বাড়িতে অর্ধেক গয়না এবং নগদ টাকা ফিরিয়ে দিল ‘ভুতুড়ে চোর’। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ১৭ নম্বর ওয়ার্ডের রামনগর মিস্ত্রিপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা স্মাইল শেখের বাড়িতে গত সোমবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, চোরেরা প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। এর মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাড়ির বারান্দায় একটি কালো প্যাকেট পড়ে থাকতে দেখেন। প্যাকেট খুলে তাঁরা একটি সোনার চেন, একজোড়া কানের দুল, দুই জোড়া বালা, একটি আংটি এবং নগদ ২৭০০ টাকা পান।

পরিবারের অভিযোগ, চুরির ঘটনার পর তাদের সন্দেহ হয়েছিল প্রতিবেশী কেউ এই ঘটনার সাথে যুক্ত। লিখিত অভিযোগের মধ্যে দিয়ে জানানো হয়েছিল পুলিশকে। তবে এখনও একটি গলার চেন, দুটি আংটি এবং নগদ ত্রিশ হাজার টাকা সহ লক্ষ্মীর ভান্ডারের জমানো টাকা রয়েছে এই চোরের কাছে। পুলিশ সঠিক তদন্ত করলে চুরি যাওয়া সমস্ত কিছু ফেরত পাওয়া সম্ভব। অন্যদিকে ভুতুড়ে চোরের কুকীর্তি নিয়ে এখনও আতঙ্কিত এলাকার মানুষ। পুলিশ প্রশাসনের উপর আস্থা রয়েছে পরিবারের। এখন এই ভুতুড়ে চোরের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় পুলিশ, সেটাই দেখার।