ইংরেজবাজারে আম্বেদকরের ১৩৬তম জন্মজয়ন্তী পালন

প্রয়াত ড. বি. আর. আম্বেদকর-এর ১৩৬ তম জন্মজয়ন্তী পালন করল ইংরেজবাজার পুরসভা। মঙ্গলবার সকাল  ৯ টা নাগাদ, মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় তাঁর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন মাল্যদান করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর গৌতম দাস, শুভময় বসু, উদয় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ড.আর আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

মাল্যদানের পর সংক্ষিপ্ত স্মৃতিচারণা সভার আয়োজন করা হয়, যেখানে বক্তারা তাঁর জীবনদর্শন, সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা এবং সংবিধান প্রণয়নে ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, সমতা, স্বাধীনতা ও ভ্রাতৃত্বের যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তা আজও সমাজের পথপ্রদর্শক হয়ে রয়েছে।