জাওয়া, ইয়েজদি ও বিএসএ-র ব্যবসায় ৫৫% বৃদ্ধি

ভারতের আধুনিক ক্লাসিক মোটরসাইকেল বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করছে ক্লাসিক লেজেন্ডসের তিন জনপ্রিয় ব্র্যান্ড জাওয়া, ইয়েজদি এবং বিএসএ। সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ভারতে জাওয়া ও ইয়েজদি এবং বিএসএ মোটরসাইকেলের ব্যবসায় প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি হয়েছে। আন্তর্জাতিক বিক্রি ধরলে FY26-এ সামগ্রিক ব্যবসার বৃদ্ধির হার ৫৫ শতাংশ।

মাহিন্দ্রা গ্রুপের সংস্থা ক্লাসিক লেজেন্ডস ২০১৮ সালে জাওয়া ব্র্যান্ডকে ভারতে ফিরিয়ে আনে। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা অনুপম থারেজা এবং বোমান রুস্তম ইরানির নেতৃত্বে শুরু হয় এই পুনরুজ্জীবনের যাত্রা। জাওয়ার প্রত্যাবর্তনের সময় একদিনেই এক লক্ষেরও বেশি বুকিং হয়। পরবর্তীতে ২০২২ সালে ইয়েজদি এবং ২০২৪ সালে বিএসএ ভারতে ফিরে আসে। বর্তমানে সংস্থার দেশজুড়ে ৪৫০টিরও বেশি বিক্রয়, পরিষেবা ও যন্ত্রাংশের টাচপয়েন্ট রয়েছে। ২০২৮ অর্থবর্ষের মধ্যে এই সংখ্যা ৭০০-তে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি, অনুমোদিত যন্ত্রাংশ বিতরণ ব্যবস্থাও সম্প্রসারণ করা হচ্ছে, যাতে গ্রাহকেরা সহজেই আসল যন্ত্রাংশ পেতে পারেন।

সংস্থার দাবি, FY27-এর প্রথম কোয়ার্টারে জাওয়া, ইয়েজদি ও বিএসএ-র ব্যবসায় প্রায় ১২৫ শতাংশ বৃদ্ধি হয়েছে। আগামী অর্থবর্ষে চারটি নতুন মোটরসাইকেল মডেল বাজারে আনার পরিকল্পনাও রয়েছে। উল্লেখ্য, FY26-এ প্রথমবারের মতো লাভের মুখ দেখেছে ক্লাসিক লেজেন্ডস। সংস্থার লক্ষ্য, ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ডগুলিকে আন্তর্জাতিক বাজারেও আরও জনপ্রিয় করে তোলা।