শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে এবং ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে অভিযান চালাল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পাণিট্যাঙ্কি ট্রাফিক গার্ড। ওসি স্বপন রায়ের নেতৃত্বে বাগরাকোর্ট মোড় থেকে কোর্ট মোড় পর্যন্ত চলে এই অভিযান।
অভিযানে পুরনো সবজি বাজার সংলগ্ন রাস্তার ধারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা পেঁয়াজ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি রাস্তার উপর থাকা ওজন মাপার যন্ত্র এবং বিভিন্ন ব্যবসায়িক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। রাস্তার উপর বাড়তি জায়গা দখল করে তৈরি করা দোকানের শেডগুলিও ভেঙে রাস্তা ফাঁকা করার নির্দেশ দেয় পুলিশ।
পুলিশের এই অভিযানকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন পেঁয়াজ ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা করে আসছেন তাঁরা। কিন্তু কোনও আগাম নোটিশ ছাড়াই এভাবে ব্যবসা সরিয়ে দেওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা। নতুন সরকারের আমলে তাঁদের ব্যবসা কার্যত শেষ করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা।
নোটিশ ছাড়াই উচ্ছেদের অভিযোগ, পুলিশের অভিযানে বিক্ষোভ পেঁয়াজ ব্যবসায়ীদের
