এমএসএমই ও বৃহৎ সংস্থার জন্য হোয়াটসঅ্যাপ বিজনেস সলিউশন চালু করল ভি বিজনেস

ভারতে গ্রাহক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা গ্রহণ, কেনাকাটা এবং ব্যবসায়িক লেনদেন—সব ক্ষেত্রেই এই প্ল্যাটফর্মের ব্যবহার ক্রমশ বাড়ছে। গ্রাহকদের এই পরিবর্তিত পছন্দের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিও গ্রাহক পরিষেবা, প্রচার এবং যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ-কে গুরুত্ব দিচ্ছে।
এই চাহিদার কথা মাথায় রেখে ভি-এর এন্টারপ্রাইজ শাখা ভি বিজনেস চালু করল হোয়াটসঅ্যাপ বিজনেস সলিউশন। এই পরিষেবার মাধ্যমে বিভিন্ন আকারের ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ, পার্সোনালাইজড এবং স্বয়ংক্রিয় করতে পারবে।
এই প্রসঙ্গে ভোডাফোন আইডিয়া লিমিটেড-এর চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার এম পি সুনীল কুমার বলেন, “গ্রাহক পরিষেবার ভবিষ্যৎ ক্রমশ কথোপকথনভিত্তিক, বুদ্ধিদীপ্ত এবং এআই-নির্ভর হয়ে উঠছে। ভি বিজনেস-এর লক্ষ্য শুধু হোয়াটসঅ্যাপে-এ ব্যবসার উপস্থিতি নিশ্চিত করা নয়, বরং এআই-চালিত অটোমেশন এবং ওমনিচ্যানেল প্রযুক্তির মাধ্যমে উন্নত গ্রাহক অভিজ্ঞতা তৈরি করা। এমএসএমই-র দ্রুত অনবোর্ডিং থেকে শুরু করে বৃহৎ সংস্থার গ্রাহক যোগাযোগ ব্যবস্থার রূপান্তর, আমরা প্রতিটি স্তরে এই প্রক্রিয়াকে সহজ করতে চাই।”
এমএসএমইগুলির জন্য ভি-এর ওয়েবসাইটে অটোমেটিক ডিজিটাল প্রক্রিয়ায় ১৫ মিনিটেরও কম সময়ে অনবোর্ডিং, অনলাইনে প্ল্যান নির্বাচন, পেমেন্ট ও অ্যাক্টিভেশনের সুবিধা থাকবে। পাশাপাশি বাল্ক মেসেজ, তৈরি টেমপ্লেট, ইন্টারঅ্যাকটিভ বাটন, ক্যাটালগ এবং এনগেজমেন্ট অ্যানালিটিক্স পাওয়া যাবে।
বড় সংস্থার জন্য এআই-চালিত চ্যাটবট, উন্নত অটোমেশন, পার্সোনালাইজড কনজিউমার কানেকশন এবং এসএমএস, ভয়েস, ইমেল ও লাইভ চ্যাটের সঙ্গে ওমনিচ্যানেল ইন্টিগ্রেশন থাকবে। CPaaS ও CCaaS পরিষেবার সঙ্গে হোয়াটসঅ্যাপ মেসেজিং ও ভয়েস কলিং যুক্ত করে দ্রুত গ্রাহক সহায়তা এবং উন্নত পরিষেবা প্রদান সম্ভব হবে। এই উদ্যোগের মাধ্যমে ব্যবসায়িক যোগাযোগকে আরও সংযুক্ত, বুদ্ধিদীপ্ত ও ভবিষ্যৎ-উপযোগী করে তুলতে চায় ভি বিজনেস।