প্লাস্টিক বর্জ্য সংরক্ষণের ঘরে বি*ধ্বংসী অ*গ্নিকাণ্ড

মালদার মানিকচকে আবর্জনা সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে মথুরাপুর ফুটবল ময়দান সংলগ্ন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের একটি ঘরে আগুন লাগে। দাহ্য প্লাস্টিক বর্জ্য থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মথুরাপুর পঞ্চায়েতের ওই কেন্দ্রে প্লাস্টিক বর্জ্য জমা রাখা হত। সেখানে আটজন মহিলা-সহ মোট ১০ জন কর্মী কাজ করতেন। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন। একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয় যুবকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রের কর্মী সায়েরা খাতুন জানান, সকালে পঞ্চায়েত প্রধানের ফোন পেয়ে তিনি চাবি নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। ততক্ষণে ঘরে দাউদাউ করে আগুন জ্বলছিল। পুড়ে যায় সেখানে মজুত থাকা প্লাস্টিক বর্জ্য। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।