ডিব্রুগড়ের শামীম আখতারা আলী লাভ করলেন Times Business Awards – North East ২০২৬

ডিব্রুগড়ের বাসিন্দা শামীম আখতারা আলী ৩০ এপ্রিল গুয়াহাটিস্থ হোটেল ভিভান্তায় অনুষ্ঠিত Times Business Awards – North East ২০২৬ অনুষ্ঠানে “Excellence in Social Impact Leadership” বিভাগে সম্মানজনক পুরস্কার অর্জন করেন। উত্তর-পূর্ব ভারতের সমাজসেবা, নারী ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়ার স্বীকৃতি হিসেবেই শামীম আখতারা  আলিকে এই সম্মান প্রদান করা হয়। দরিদ্র মানুষ, দৃষ্টিহীন ব্যক্তি এবং বন্যাদুর্গত পরিবারের পাশে থেকে তিনি যে মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছেন, তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে।

শামীম আখতারা আলি ডিব্রুগড়ের নালিয়াপুলের প্রবীণ সাংবাদিক ও আলোরণ পত্রিকার সম্পাদক প্রয়াত Rahmat Ali-এর দ্বিতীয় কন্যা। সমাজমুখী কর্মকাণ্ডের জন্য তিনি এর আগেও Femina Game Changer Award-এ সম্মানিত হয়েছেন। এছাড়াও রাজ্য ও জাতীয় স্তরে একাধিক সম্মাননা লাভ করে তিনি ইতিমধ্যেই সমাজসেবামূলক কাজের ক্ষেত্রে একটি স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন। অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গুলশান গ্রোভার। তাঁর হাত থেকে সম্মাননা গ্রহণ করে আবেগাপ্লুত চেমিম আখতারা আলি বলেন, “এই সম্মান আমার কাছে অত্যন্ত গৌরবের এবং স্মরণীয় এক মুহূর্ত। গুলশান গ্রোভারের মতো একজন বিশিষ্ট ব্যক্তিত্বের হাত থেকে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য সত্যিই আনন্দের। সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে আমি আমার দায়িত্ব বলে মনে করি। বিশেষ করে নারীদের ক্ষমতায়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং স্বনির্ভর করে তোলার লক্ষ্যে আমি আগামীতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই। মানুষের ভালোবাসা, বিশ্বাস এবং সহযোগিতাই আমাকে সবসময় এগিয়ে যাওয়ার শক্তি জোগায়।”

এই সম্মান শুধু শামীম আখতারা আলীর ব্যক্তিগত সাফল্য নয়, ডিব্রুগড়ের জন্যও এক গর্বের বিষয় হয়ে উঠেছে। তাঁর এই অর্জন সমাজসেবার পথে আরও অনেককে অনুপ্রাণিত করবে বলেই মনে করা হচ্ছে।