উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুরের বিশেষ বুলেটিন অনুযায়ী, দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢোকার জেরেই উত্তরবঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টাতেও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে। রায়গঞ্জ, ঝালং ও বালুরঘাটে ৭ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া কুমারগ্রাম, ময়নাগুড়ি, আলিপুরদুয়ার ও লাভা-সহ একাধিক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পাহাড় ও ডুয়ার্সে কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। একটানা এই বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।
দিনভিত্তিক পূর্বাভাসের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, ২৬ মে মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে। এরপর ২৭ মে অর্থাৎ বুধবারেও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৮ মে বৃহস্পতিবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের দাপট বজায় থাকবে। তবে স্বস্তির খবর এই যে, ২৯ থেকে ৩১ মে অর্থাৎ মাসের শেষদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। প্রশাসন ও আবহাওয়া দফতরের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের এই কদিন সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
