বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে ভোট-অন-অ্যাকাউন্ট বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল মমতা সরকার।
তবে সেই বর্ধিত মহার্ঘ ভাতা এখনও মেলেনি বলে অভিযোগ। সম্প্রতি সেই হিসেব বুঝে নিতে নির্বাচনে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকদের একাংশ। একেই বর্ধিত ৪% ডিএ মেলেনি। আবার সুপ্রিম কোর্টের নির্দেশে পঞ্চম পে কমিশনের বকেয়া মেটানোর কাজ শুরু হলেও শিক্ষকেরা এখনও কোনো টাকা পাননি। পাচ্ছেন না সরকারি হেলথ স্কিমের সুবিধাও।
এই সমস্ত অভিযোগ জড়ো করে রাজ্য সরকারকে রীতিমতো হুঁশিয়ারি ‘ক্ষুব্ধ’ শিক্ষকদের। শিক্ষকদের একাংশের কথায়, ডিএ বা যে কোনো সুবিধার ক্ষেত্রে বঞ্চিতদের তালিকায় সবার উপরে শিক্ষকেরা অবস্থান। এর ফলস্বরূপ শিক্ষক সমাজের মধ্যে সরকারের প্রতি যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে সেটা তাঁদের পক্ষে ভাল নয় বলেই মত তাঁদের।
