স্পটিফাইয়ে যুক্ত হল ৩.৫ লক্ষ ইংরেজি ও ৭ হাজার ভারতীয় ভাষার অডিওবুক

গান ও পডকাস্টের পাশাপাশি এবার অডিওবুক পরিষেবা চালু করল জনপ্রিয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। বৃহস্পতিবার মুম্বইয়ে এই পরিষেবার আনুষ্ঠানিক ঘোষণা করে সংস্থাটি। নতুন এই পরিষেবায় ইংরেজি ভাষার ৩.৫ লক্ষেরও বেশি বইয়ের পাশাপাশি হিন্দি, বাংলা, তামিল, মারাঠি, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষার প্রায় ৭ হাজার অডিওবুক পাওয়া যাবে। স্পটিফাইয়ের ‘অডিওবুকস প্লাস’ সাবস্ক্রিপশনের মাধ্যমে এই পরিষেবা ব্যবহার করা যাবে। মাসিক ১৯৯ টাকা সাবস্ক্রিপশন মূল্যে গ্রাহকরা প্রতি মাসে ১৫ ঘণ্টা অডিওবুক শোনার সুযোগ পাবেন। প্রয়োজনে অতিরিক্ত সময় বা পছন্দের বই আলাদাভাবে কেনার সুবিধাও থাকছে।

নতুন এই তালিকায় রয়েছে প্রেমচাঁদের ‘গোদান’, কল্কির ‘পোন্নিয়িন সেলভান’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’-র মতো জনপ্রিয় সাহিত্যকর্ম। পাশাপাশি গ্রাহকদের পছন্দ অনুযায়ী বইয়ের সুপারিশ, অফলাইনে শোনার সুবিধা, স্লিপ টাইমার এবং ‘পেজ ম্যাচ’ ফিচারও যুক্ত হয়েছে। এই ফিচারের মাধ্যমে মুদ্রিত বইয়ের যে পৃষ্ঠায় পাঠক রয়েছেন, অডিওবুকও ঠিক সেই জায়গা থেকে শোনা যাবে। স্পটিফাইয়ের দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার জেনারেল ম্যানেজার এবং ভারতের ম্যানেজিং ডিরেক্টর অমরজিৎ সিং বাত্রা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য বইকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। একই সঙ্গে স্বাধীন ও স্বপ্রকাশিত লেখকদের বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছনোর সুযোগ তৈরি করাও সংস্থার অন্যতম উদ্দেশ্য।

বাংলা ভাষার অডিওবুক এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’-র মতো সাহিত্যকর্মের অন্তর্ভুক্তি বাংলাভাষী শ্রোতাদের কাছেও এই পরিষেবার আকর্ষণ বাড়াবে বলে মনে করা হচ্ছে। এর ফলে আঞ্চলিক ভাষার লেখক ও প্রকাশকদের কাছে নতুন শ্রোতাদের কাছে পৌঁছনোর সুযোগ তৈরি হবে। এদিকে, ভারতে ‘স্পটিফাই ফর অথরস’ পরিষেবাও চালু করেছে সংস্থাটি। এর মাধ্যমে স্বাধীন লেখকরা নিজেদের অডিওবুক স্পটিফাইয়ে প্রকাশ করতে পারবেন। পাশাপাশি আন্তর্জাতিক শ্রোতাদের সম্পর্কে তথ্য জানা এবং বইয়ের প্রচারের জন্য বিভিন্ন বিপণন সরঞ্জাম ব্যবহারের সুযোগও পাবেন তাঁরা।