ক্যান্টিন চালানোর ঘোষণা রাজ্য সরকারের তরফে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। আর্থিক অবস্থা যাই হোক না কেন, দুর্গাপুজোর আনন্দে যেন শামিল হতে পারে সবাই। সেই লক্ষ্য সামনে রেখে মানবিক উদ্যোগ নিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। দুর্গাপুজোর চারদিন দুঃস্থ, অভাবী মানুষদের মুখে ভালো খাবার তুলে দিতে পুজো স্পেশ্যাল এমএলএ ক্যান্টিন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কৌস্তভ জানিয়েছেন, দুর্গাপুজোর চারদিন ব্যারাকপুর ও টিটাগড়ের বিভিন্ন জায়গায় এই ক্যান্টিন চলবে। যেসব দরিদ্র মানুষরা সারা বছর ভালো খাবার খেতে পান না, তাঁদের বিনামূল্যে এই ক্যান্টিন থেকে খাবার দেওয়া হবে। কৌস্তভের এই উদ্যোগের নেপথ্যে ‘বঙ্গস্পন্দন ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সম্পূর্ণ সহায়তার হাত বাড়িয়েছে।

পুজোর চারদিন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের কোথায় কোথায় এই বিশেষ এমএলএ ক্যান্টিন বসবে তা এখনও ঠিক হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে প্রচারপত্র, সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে আগে থেকে জানিয়ে দেওয়া হবে। ফলে ক্যান্টিনগুলি কোথায় বসবে তা আগেভাগেই জেনে যাবেন সকলে।