জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে কালীঘাট তৃণমূল। একাধিক ঘটনায় পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়েও অভিযোগ করেছে দল।
এবার সব অভিযোগ নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাজ্যপাল আরএন রবির সঙ্গে দেখা করতে চাইছে তৃণমূল। দু’জনের কাছেই চিঠি পাঠিয়ে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। তৃণমূল সূত্রে খবর, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা নিয়ে রাষ্ট্রপতি ও রাজ্যপালের কাছে বিস্তারিত অভিযোগ জানানো হবে। গত কয়েক মাসে ঘটে যাওয়া একাধিক ঘটনাও তাঁদের সামনে তুলে ধরতে চায় দল। সোনারপুরে নিহত এক তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ উঠেছিল। তাঁকে চড়-ঘুষি মারা এবং ডিম ছোড়ার অভিযোগও ওঠে। এরপর তৃণমূলের আরও কয়েকজন নেতা-নেত্রীর দিকে ডিম ছোড়ার অভিযোগ সামনে আসে। তাঁদের মধ্যে ছিলেন মহুয়া মৈত্র এবং সৌগত রায়। এই ঘটনাগুলির পরেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল।
