সেবক রোডের কসমস মলে দমকলের অভিযান, পরীক্ষা করা হল অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও পরিকাঠামো

শিলিগুড়িতে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসতেই ফায়ার সেফটি নিয়ে কড়া পদক্ষেপ প্রশাসনের। সেইমতো আজ সেবক রোডের কসমস মলে পৌঁছয় দমকল বিভাগের একটি দল। গোটা মলে অগ্নিনির্বাপণ ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখেন তাঁরা।

মলের বিভিন্ন অংশ ঘুরে আগুন নেভানোর জন্য থাকা নিরাপত্তা সরঞ্জাম পরীক্ষা করেন দমকল বিভাগের আধিকারিকরা। পাশাপাশি ফায়ার সেফটি সিস্টেম, জরুরি পরিস্থিতিতে মোকাবিলার ব্যবস্থা, জলের পাইপলাইন-সহ অন্যান্য পরিকাঠামোও খতিয়ে দেখা হয়।

এদিন জলের পাইপ নিজে ব্যবহার করেও পরীক্ষা করেন দমকল কর্মীরা। আগুন লাগার মতো পরিস্থিতিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিকভাবে কাজ করবে কি না, তা নিশ্চিত করতেই এই পরীক্ষা।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শিলিগুড়িতে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। আর সেই কারণেই এবার বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বিশেষভাবে সতর্ক প্রশাসন ও দমকল বিভাগ।