গ্যালাক্সি হেলথ ইন্স্যুরেন্স, পশ্চিমবঙ্গে ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ করতে শিলিগুড়িতে নতুন এরিয়া অফিস চালু করলো

ভারতের দ্রুততম বর্ধনশীল স্ট্যান্ডঅ্যালোন স্বাস্থ্যবিমা সংস্থা গ্যালাক্সি হেলথ ইন্স্যুরেন্স উত্তরবঙ্গে তাদের কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে শিলিগুড়িতে একটি এরিয়া অফিস চালু করার ঘোষণা করেছে। স্বাস্থ্যবিমা সংস্থাটি যৌথভাবে গড়ে তুলেছেন টিভিএস পরিবারের শ্রী ভেনু শ্রীনিবাসন এবং বীমা শিল্পের প্রবীণ ব্যক্তিত্ব ভি. জগন্নাথন-এর পরিবার। পশ্চিমবঙ্গে এটি সংস্থার দ্বিতীয় অফিস। নতুন এই অফিসের মাধ্যমে উত্তরবঙ্গ জুড়ে উন্নতমানের স্বাস্থ্যবিমার সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সংস্থার অঙ্গীকার আরও জোরদার হল।
পূর্ব ভারতের দ্রুত বিকাশমান বাণিজ্যিক কেন্দ্রগুলির অন্যতম শিলিগুড়ি, উত্তরবঙ্গের একাধিক জেলা এবং প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে পরিচিত। শহরটির কৌশলগত অবস্থান, ক্রমবর্ধমান স্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্যবিমার প্রতি বাড়তে থাকা চাহিদা গ্যালাক্সি হেলথ ইন্স্যুরেন্স-এর সম্প্রসারণ কৌশলে শিলিগুড়িকে একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এই শিলিগুড়ি এরিয়া অফিসটি কোম্পানিকে তাদের অ্যাডভাইজার নেটওয়ার্ক শক্তিশালী করতে, ক্যাশলেস হাসপাতালের সাথে অংশীদারিত্ব বাড়াতে এবং সমগ্র অঞ্চলজুড়ে গ্রাহক পরিষেবা উন্নত করতে বিশেষ সহায়তা করবে। পশ্চিমবঙ্গে সংস্থার সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে, কোম্পানিটি ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে ৫,০০০-এরও বেশি বীমা পরামর্শদাতা নিযুক্ত করার এবং তাদের হাসপাতাল নেটওয়ার্কের পরিধি আরও বৃদ্ধি করার লক্ষ্য নির্ধারণ করেছে।
জি. শ্রীনিবাসন, এমডি এবং সিইও, গ্যালাক্সি হেলথ ইন্স্যুরেন্স বলেন, “ভারতে স্বাস্থ্য বীমা খাতের প্রগতির পরবর্তী অধ্যায়টি আসবে উদীয়মান শহর ও জেলাগুলো থেকে—যেখানে সচেতনতা ক্রমশ বাড়ছে, স্বাস্থ্যসেবার পরিকাঠামো উন্নত হচ্ছে এবং পরিবারগুলো ক্রমবর্ধমান চিকিৎসা খরচের বিরুদ্ধে আর্থিক সুরক্ষার তাগিদ অনুভব করছে। আমরা বিশ্বাস করি, স্বাস্থ্য বীমার মূল ভিত্তি হলো আস্থা, উৎকৃষ্ট পরিষেবা এবং সহজলভ্যতা। আর তাই স্থানীয় স্তরে শক্তিশালী উপস্থিতি গড়ে তোলা আমাদের ব্যবসা সম্প্রসারণ কৌশলের কেন্দ্রবিন্দু।”
তিনি আরও যোগ করেন, “আমাদের দীর্ঘমেয়াদী বৃদ্ধির যাত্রায় পশ্চিমবঙ্গ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। শিলিগুড়ি অফিসের সূচনা রাজ্যের উত্তরাঞ্চলের গ্রাহকদের উন্নত সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের সক্ষমতাকে আরও জোরদার করবে। শিলিগুড়িতে আমাদের এই নতুন উপস্থিতি গ্রাহক, পরামর্শদাতা এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী হাসপাতালগুলোর সাথে আমাদের সম্পর্ককে আরও গভীর করতে সাহায্য করবে; একই সাথে এটি সমগ্র উত্তরবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে উন্নতমানের স্বাস্থ্য বীমাকে সবার জন্য আরও সহজলভ্য করে তুলবে।”