উত্তরবঙ্গের অফবিট পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়নকে নিয়ন্ত্রিত ও পরিবেশবান্ধব কাঠামোর মধ্যে আনতে উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পর্যটনের বিকাশ এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রেখে একটি টেকসই পর্যটন মডেল গড়ে তোলাই এই পরিকল্পনার মূল লক্ষ্য।
শিলিগুড়ির মৈনাক পর্যটন কেন্দ্র পরিদর্শনকালে রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানান, আগামী ছয় মাসের মধ্যে নীতিনির্ভর পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে রাজ্যের পর্যটন ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি বলেন, উত্তরবঙ্গ রাজ্যের অন্যতম পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চল। তাই নতুন পর্যটন কেন্দ্রগুলোর বিকাশ এমনভাবে করতে হবে যাতে প্রাকৃতিক পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে।
এই লক্ষ্যে ১৭ জুন কলকাতায় পর্যটন দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পর্যটন খাতের সার্বিক উন্নয়নের জন্য একটি বিস্তারিত রোডম্যাপ তৈরি করা হবে। বন ও পরিবেশ দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে পরিকল্পনা বাস্তবায়নের কথাও জানান মন্ত্রী।
শঙ্কর ঘোষের মতে, উত্তরবঙ্গের পাহাড়, অরণ্য, বন্যপ্রাণী, নদী ও সাংস্কৃতিক ঐতিহ্য পর্যটনের জন্য বিপুল সম্ভাবনা বহন করে। তবে এসব সম্পদের যথাযথ প্রচার অতীতে হয়নি। নতুন পরিকল্পনার মাধ্যমে উত্তরবঙ্গের পর্যটন সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে। সরকারের এই উদ্যোগ স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও দীর্ঘমেয়াদি পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
