নতুন রূপে জাওয়া 42, শুরু ১.৭৯ লক্ষ টাকা থেকে

ভারতে উৎসবের মরশুমের আগে নতুন জাওয়া 42 লঞ্চ করে জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস তাদের জাওয়া অল স্টার্স সিরিজ সম্পূর্ণ করল। তিনটি মডেলের এই রেঞ্জে নতুন জাওয়া 42-কে ফ্ল্যাগশিপ মডেল হিসেবে রাখা হয়েছে।

সংস্থার দাবি, এটি আধুনিক ক্লাসিক জাওয়া 42-এর সবচেয়ে বড় আপডেট। বাইকটিতে ৬০টিরও বেশি পরিবর্তন করা হয়েছে। নতুন মডেলে রয়েছে নতুন করে নকশা করা পাশের প্যানেল, অ্যালয় হুইল, চওড়া টায়ার, নতুন রিয়ার সেকশন, চওড়া রিয়ার ফেন্ডার এবং কমপ্যাক্ট আপসুইপ্ট টুইন এক্সহস্ট। এর ফলে বাইকটির রোড প্রেজেন্স, হ্যান্ডলিং, কমফোর্ট ও স্টাইলিং আরও উন্নত হয়েছে।

নতুন জাওয়া42-এ রয়েছে 294.72cc সিঙ্গল-সিলিন্ডার, লিকুইড-কুলড ডিওএইচসি ইঞ্জিন, যা 7,950 rpm-এ 27.19 hp শক্তি এবং 6,000 rpm-এ 26.3 Nm টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনের সঙ্গে রয়েছে ৬-স্পিড কনস্ট্যান্ট-মেশ গিয়ারবক্স। নিরাপত্তার জন্য রয়েছে ডুয়াল-চ্যানেল এবিএস, 280mm ফ্রন্ট ও 240mm রিয়ার ডিস্ক ব্রেক।

বাইকটিতে জাওয়া-এর পরিচিত 13.2 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, গোল হেডল্যাম্প এবং বেঞ্চ-স্টাইল সিট রাখা হয়েছে। পাশাপাশি ওজন, ফ্রেম ও সুইংআর্মের শক্তি, এরগোনমিক্স, হ্যান্ডলিং এবং রাইড কমফোর্টের ক্ষেত্রেও আপডেট করা হয়েছে। বাইকটির ওজন 175 কেজি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 173mm।

নতুন জাওয়া42-এর এক্স-শোরুম (দিল্লি) দাম শুরু ১,৭৯,৯৪২ টাকা থেকে। ইতিমধ্যেই বুকিং শুরু হয়েছে এবং ১৪ সেপ্টেম্বর থেকে ডেলিভারি শুরু হবে। মোট ছয়টি রঙে বাইকটি পাওয়া যাবে। সর্বোচ্চ দাম ১,৮৯,৯৪২ টাকা। গ্রাহকদের জন্য সংস্থার পক্ষ থেকে রয়েছে ৪ বছর/৫০,০০০ কিমি স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি। এছাড়াও সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত এক্সটেন্ডেড ওয়ারেন্টি, ৮ বছর পর্যন্ত রোডসাইড অ্যাসিস্ট্যান্স এবং ৫ বছর পর্যন্ত এএমসি-এর সুবিধা দেওয়া হচ্ছে। এই পরিষেবাগুলি সারা দেশে ৪৫০টিরও বেশি সেলস ও সার্ভিস টাচপয়েন্টে পাওয়া যাবে।