কোটি টাকার সম্পত্তি দেখে একাধিক প্রশ্ন বিচারপতির তরফে

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। নির্বাচনী হলফনামায় আয়ের প্রকৃত তথ্য গোপন করা এবং আয়ের তুলনায় বিপুল সম্পত্তি অর্জনের অভিযোগ ঘিরে আইনি চাপে রাজারহাট-গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি।

গ্রেফতারির আশঙ্কায় আগেভাগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলার শুনানিতে দেবরাজ ও অদিতির সম্পত্তি সংক্রান্ত তদন্তের অগ্রগতি রিপোর্ট তলব করল আদালত। আগামী ১৯ জুনের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানির সময় মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “সম্পত্তি হস্তান্তর কোনও অবৈধ কাজ নয়। কেউ অভিযোগ করেনি এর জেরে তাঁকে বঞ্চিত করা হয়েছে। প্রয়োজনে ইনকাম ট্যাক্স দফতর বিষয়টি দেখুক।” এর পাল্টা রাজ্যের আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে প্রশ্ন তোলেন, “রোজগারের উৎস কী জানতে হবে। হঠাৎ এত সম্পত্তি কীভাবে হল প্রশ্ন উঠছে?”