উল্টোরথে খুঁটি পুজো, ৬৯তম বর্ষে ‘আদি শক্তি’র ভাবনায় সুব্রত সংঘ

পবিত্র উল্টোরথের শুভ লগ্নে খুঁটি পুজোর মধ্য দিয়ে আসন্ন দুর্গোৎসবের সূচনা করল শিলিগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী দুর্গাপুজো কমিটি সুব্রত সংঘ। এবার তাদের দুর্গাপুজোর ৬৯তম বর্ষ। ধর্মীয় আচার ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুক্রবার সকালে সম্পন্ন হয় খুঁটি পুজো। এবারের পুজোর থিম ‘আদি শক্তি’। উদ্যোক্তাদের কথায়, সৃষ্টির আদিতে যে অনন্ত, অবিনাশী ও নিরাকার শক্তির অস্তিত্ব ছিল, সেই চিরন্তন শক্তির দর্শনই এবারের মণ্ডপ ও শিল্পসজ্জার মাধ্যমে তুলে ধরা হবে।

দর্শনার্থীদের কাছে এক ভিন্নধর্মী আধ্যাত্মিক অনুভূতি পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। বিশেষ দিক হল, এবারের মণ্ডপ নির্মাণ থেকে শুরু করে শিল্পসজ্জার অধিকাংশ কাজই করবেন শিলিগুড়ির স্থানীয় শিল্পীরা। স্থানীয় প্রতিভাকে তুলে ধরার পাশাপাশি তাঁদের কাজের মাধ্যমে পুজোকে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নিয়েছে ক্লাব। মণ্ডপসজ্জার সঙ্গে সামঞ্জস্য রেখে থাকবে দৃষ্টিনন্দন আলোকসজ্জা, যা সন্ধ্যার পর দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠবে।

পুজোর ক’দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক উদ্যোগ এবং জনকল্যাণমূলক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। খুঁটি পুজোর মধ্য দিয়েই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেল সুব্রত সংঘে। ৬৯ বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে ‘আদি শক্তি’র ভাবনায় সাজানো এবারের দুর্গাপুজো দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেই আশাবাদী উদ্যোক্তারা।