প্রয়াত মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বসু

প্রয়াত ক্রীড়া প্রশাসক ও মোহনবাগান কর্তা স্বপনসাধন বসু। ক্রীড়া মহলে তিনি টুটু বসু নামেই পরিচিত ছিলেন। মঙ্গলবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি ভেন্টিলেশনে ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

মোহনবাগান ক্লাবের সঙ্গে টুটু বসুর সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি ক্লাবের সচিবের দায়িত্ব সামলান। পরে ২০১৮ সাল পর্যন্ত সভাপতি ছিলেন। এরপর ফের সচিব নির্বাচিত হওয়ার পাশাপাশি ২০২০-২২ এবং ২০২২-২৫ মেয়াদে পুনরায় সভাপতি পদেও নির্বাচিত হন। ফুটবল প্রশাসনের বাইরেও টুটু বসু ছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ, সফল ব্যবসায়ী এবং সংবাদপত্রের মালিক।

দীর্ঘদিন অসুস্থতার কারণে তিনি সক্রিয় ফুটবল প্রশাসন থেকে কিছুটা দূরে ছিলেন। মোহনবাগান দিবসে ‘মোহনবাগান রত্ন’ সম্মান প্রবর্তন তাঁর অন্যতম উল্লেখযোগ্য কৃতিত্ব। গত বছর এই সম্মানেই ভূষিত করা হয়েছিল তাঁকে। তাঁর প্রয়াণে শোকের ছায়া ক্রীড়া মহলে।