ভ্রমণের পরিকল্পনা করতে গিয়ে ফ্লাইট টিকিট বুকিংয়ের সঠিক সময় কোনটা, তা নিয়ে চিন্তায় থাকেন অনেক যাত্রীই। টিকিট কেটে ফেলার পর যদি হঠাৎ বিমানের ভাড়া কমে যায় এই দুশ্চিন্তা দূর করতে মেকমাইট্রিপ নিয়ে এল একটি নতুন বৈশিষ্ট্য, যার নাম ‘Price Drop Protection’। এর মাধ্যমে যাত্রীরা টিকিট বুক করার পর বিমানের ভাড়া কমে গেলে সেই পার্থক্যের সমপরিমাণ টাকা রিফান্ড পেয়ে যাবেন। এর ফলে যাত্রীরা আর শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে নিশ্চিন্তে আগে থেকেই টিকিট বুক করতে পারবেন।
ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল উভয় ধরনের ওয়ান-ওয়ে এবং রাউন্ড-ট্রিপ ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে এই সুবিধা উপলব্ধ রয়েছে। বুকিং করার সময় যাত্রীরা খুব সহজেই প্রতি ব্যক্তির জন্য ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে মাত্র ২২৯ টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ৩৪৯ টাকা দিয়ে এই অপশনটি বেছে নিতে পারবেন। মেকমাইট্রিপের তথ্য অনুযায়ী, বুকিং থেকে শুরু করে ফ্লাইট ছাড়ার ৬ ঘণ্টা আগে পর্যন্ত এই ফিচার সক্রিয় থাকবে।
এর আওতায় সর্বোচ্চ রিফান্ডের পরিমাণ দেশীয় ফ্লাইটের জন্য প্রতি ব্যক্তিতে ২,৫০০ টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি ব্যক্তিতে ৩,০০০ টাকা পর্যন্ত ধার্য হয়েছে। টিকিটের দাম কমলে মেকমাইট্রিপ সরাসরি যাত্রীকে তা জানিয়ে দেয় এবং রিফান্ডের টাকা সরাসরি গ্রাহকের পেমেন্ট মোডে ফেরত চলে যাবে।
মেকমাইট্রিপের ফ্লিকটস, কর্পোরেট, জিসিসি এবং মার্কেটিংয়ের সিওও রাজ ঋষি সিং বলেন, “যাত্রীদের কখনই আগে বুকিং করা এবং পরে ভাড়া কমা নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে না। প্রাইস ড্রপ প্রোটেকশন তাদের যখন খুশি বুকিং করার স্বাধীনতা দেবে এবং ভাড়া কমলে তা ফেরত পাওয়ার ভরসা জোগাবে।” ইতিমধ্যেই সংস্থার ‘জিরো ক্যান্সেলেশন’ এবং ‘ফ্রি ডেট চেঞ্জ’ সার্ভিস যাত্রীদের ভ্রমণ পরিকল্পনাকে আরও সহজ ও নিরাপদ করে তুলেছে।
