কর জমায় একাধিক সুবিধা আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের

আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)-এর কর সংগ্রহের জন্য পেমেন্ট গেটওয়ের সংযুক্তিকরণ সম্পন্ন করেছে। এর ফলে দেশের করদাতারা ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের রিটেল ও কর্পোরেট ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সরাসরি কর জমা দিতে পারবেন।

এরফলে অফলাইনে চেক, ডিমান্ড ড্রাফট বা নগদের মাধ্যমেও ব্যাঙ্কের যে কোনও শাখায় কর দেওয়া যাবে। এছাড়াও অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকরাও নিজেদের ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করে এই গেটওয়ের মাধ্যমে কর জমা দিতে পারবেন।

এই পরিষেবার মাধ্যমে করদাতারা সহজেই চালান ও পেমেন্টের নিশ্চিতকরণ নথি ডাউনলোড করতে পারবেন। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের রিটেল লায়াবিলিটিজ, কার্ডস অ্যান্ড পেমেন্টস বিভাগের প্রধান শিরিষ ভান্ডারি জানান, করদাতাদের পছন্দের মাধ্যমে নিরাপদ ও সহজে কর জমা দেওয়ার সুবিধা দিতেই এই সংযুক্তিকরণ করা হয়েছে।

কর জমা দিতে আয়কর ই-ফাইলিং পোর্টালে লগ ইন করে চালান তৈরি করতে হবে। এরপর ‘পেমেন্ট গেটওয়ে’ নির্বাচন করে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক বেছে নিতে হবে। তারপর ইউপিআই, ক্রেডিট বা ডেবিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করে চালান ডাউনলোড বা প্রিন্ট করে রাখা যাবে।