প্রায় ৫ মাস হল নিয়মিত সাম্মানিক ভাতা না পাওয়ার অভিযোগ তুলেছেন বিভিন্ন স্কুলের মিড-ডে মিলের সহায়িকা কর্মীরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে মাসিক সাম্মানিক ভাতার সম্পূর্ণ টাকা দেওয়া হচ্ছে না। বর্তমানে ভাতার মাত্র এক-চতুর্থাংশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ কর্মীদের।
কর্মীদের বক্তব্য, অল্প পরিমাণ এই টাকা দিয়ে সংসার চালানো তো দূরের কথা, নিজেদের ন্যূনতম খরচ বহন করাও কঠিন হয়ে পড়েছে। এর পাশাপাশি, সরকার পরিবর্তনের পর তাঁদের দিয়ে যে অতিরিক্ত কাজ করানো হয়েছে, সেই কাজের পারিশ্রমিক বা ভাতার টাকাও এখনও তাঁরা পাননি বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে দ্রুত সমস্ত বকেয়া সাম্মানিক ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন মিড-ডে মিলের সহায়িকা কর্মীরা।
তারা আজ বুধবার সকালেই শিলিগুড়ি পৌর কর্পোরেশনে বিক্ষোভ দেখায় এবং একটি লিখিত অভিযোগ দায়ের করে পুরো কর্পোরেশনের আধিকারিক এর কাছে।পাশাপাশি, সরকারি নির্দেশ অনুযায়ী তাঁদের প্রাপ্য নতুন ভাতার টাকা নিয়মিত ও সময়মতো পাওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তাঁরা।
বকেয়া মেটানোর দাবিতে পুরনিগমে সহায়িকাদের প্রতিবাদ
