জলপাইগুড়ির ময়নাগুড়িতে জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২১ জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাটি ঘটেছে ২৭ নম্বর জাতীয় সড়কের উল্লাডাবাড়ি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে কোচবিহারগামী একটি সরকারি যাত্রীবাহী বাস জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নামেন। পরে পুলিশ ও দমকলকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আহতদের প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহতদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃতদের মধ্যে কয়েক জনের পরিচয় জানা গেলেও এক জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল নাকি চালকের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে দীর্ঘ সময় জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।
এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা, গুরুতর আহতদের এক লক্ষ টাকা এবং অন্যান্য আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে।
