আজ থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে শুরু পার্কিং ব্যবস্থা

শহরের ক্রমবর্ধমান পার্কিং সমস্যা মোকাবিলায় আজ থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে শুরু হল পার্কিং ব্যবস্থা। শহরের ব্যস্ত এলাকা ও বাজার সংলগ্ন রাস্তায় যানজট এবং রাস্তার ধারে অবৈধ পার্কিং কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিলিগুড়ি পুরনিগম ও সিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মেলা গ্রাউন্ডে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে বিধান রোড-সহ শহরের ব্যস্ত এলাকায় যানবাহনের চাপ কমবে বলে আশা করা হচ্ছে।

প্রস্তাবিত পার্কিং এলাকায় প্রায় ৩০০টি চারচাকা এবং ১,০০০টি দু’চাকার গাড়ি রাখার ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই শহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের পক্ষ থেকে পর্যাপ্ত পার্কিংয়ের দাবি জানানো হচ্ছিল। মেলা গ্রাউন্ডে পার্কিং ব্যবস্থা চালু হওয়ায় শহরের বাসিন্দা, ব্যবসায়ী এবং বাইরে থেকে আসা মানুষের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

নতুন এই পার্কিং ব্যবস্থার ফলে শহরের যানজট অনেকটাই কমবে এবং রাস্তার ধারে যত্রতত্র গাড়ি রাখার প্রবণতাও নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রশাসনের।