নির্বাচন পূর্বেই আবারও হলো দল বদল

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে ভোটের আগে পূর্ব মেদিনীপুরের তমলুকের রাজনীতিতে হঠাৎ করেই নতুন মোড়। একসময় তৃণমূলের দাপুটে মুখ দিবাকর আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন।

তমলুক জেলা বিজেপি কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবাকর জানা গেরুয়া শিবিরে নাম লেখান। জেলা সভাপতির হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি। সেই সময় কার্যালয়ে কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দিবাকর জানা একসময় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য, একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।

বিজেপিতে যোগ দেওয়ার পর দিবাকর জানা স্পষ্ট করে বলেন, সম্মান নিয়ে কাজ করার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, তৃণমূলের সেই পুরনো আদর্শ আর নেই, তাই তিনি নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে তিনি জানান, এবার থেকে তিনি পুরো শক্তি দিয়ে বিজেপি প্রার্থীর হয়ে কাজ করবেন এবং তমলুকে পদ্ম ফোটানোই তাঁর লক্ষ্য।