ভারতের অন্যতম শীর্ষস্থানীয় হাউজিং ফাইন্যান্স সংস্থা পিএনবি হাউজিং ফাইন্যান্স আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে, পূর্ব ভারতে তাদের প্রথম পিএমএওয়াই নোডাল ব্রাঞ্চ (PMAY) উদ্বোধন করল। গৃহঋণের সুযোগ আরও সহজলভ্য করে তোলার পাশাপাশি, এই অগ্রণী উদ্যোগের লক্ষ্য হল, প্রধানমন্ত্রী আবাস যোজনা – আরবান ২.০ এর অধীনে যোগ্য পরিবারগুলিকে এর সুবিধা পেতে সহায়তা করা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতী সারিকা প্রধান, IAS, সচিব, সমাজকল্যাণ দফতর, সিকিম সরকার এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সঞ্জয় শুক্লা, ম্যানেজিং ডিরেক্টর, ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক।
১৭ই সেপ্টেম্বর ‘পিএমএওয়াই আবাস দিবস’ উদযাপনের প্রাক্কালে, এই শাখার উদ্বোধন করা হলো, যা সরকারের ‘সবার জন্য আবাসন’ দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী মূল্যে গৃহমালিকানা সুনিশ্চিত করার প্রতি সংস্থার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। শিলিগুড়ির এই পিএমএওয়াই নোডাল ব্রাঞ্চটি সম্ভাব্য বাড়ির মালিকদের জন্য একটি নির্দিষ্ট পরিষেবা কেন্দ্র হিসেবে কাজ করবে; যা বেতনভোগী ও স্বনির্ভর—উভয় ধরনের গ্রাহকদেরই ‘পিএমএওয়াই-ইউ ২.০’-এর সুবিধা এবং হোম ফাইন্যান্সিং সলিউশন পাওয়া সহজ করে তুলবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী অজয় শুক্লা, এমডি ও সিইও, পিএনবি হাউজিং ফাইন্যান্স বলেন, “পিএনবি হাউজিং ফাইন্যান্স-এ আমরা সারা দেশের পরিবারের কাছে বাড়ির মালিকানার সুযোগ আরও সহজলভ্য করে তোলার ওপর গুরুত্ব দিই। বিশেষ করে যে সমস্ত অঞ্চলে সাশ্রয়ী মূল্যে হোম ফাইন্যান্সিংয়ের চাহিদা ক্রমশ বাড়ছে, সেখানে আমাদের এই প্রচেষ্টা আরও গুরুত্বপূর্ণ। শিলিগুড়িতে আমাদের PMAY নোডাল শাখার উদ্বোধন—যা দেশে আমাদের দ্বিতীয় এবং পূর্ব ভারতে প্রথম এই ধরনের শাখা—আমাদের এই অঙ্গীকারকে এই অঞ্চলের গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছে দেওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পশ্চিমবঙ্গের একটি সম্ভাবনাময় শহর ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে শিলিগুড়ির গুরুত্ব রয়েছে। পাশাপাশি, উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে এর কৌশলগত গুরুত্বও রয়েছে, যা বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখা পরিবারগুলির জন্য নতুন সুযোগ তৈরি করছে। আমাদের এই বিশেষ শাখার মাধ্যমে সংগঠিত হোম ফাইন্যান্সিংয়ের সুযোগ আরও বিস্তার পাবে এবং এই অঞ্চলে প্রথমবার বাড়ি কিনতে চলা গ্রাহকদের জন্য বাড়ির মালিকানা আরও সহজলভ্য হয়ে উঠবে।”
দেশজুড়ে পিএনবি হাউজিং ফাইন্যান্স-এর ৪০০টিরও বেশি শাখা রয়েছে, এর মধ্যে ২৩০+টিরও বেশি শাখা সংস্থার সাশ্রয়ী আবাসন ঋণ বিভাগ ‘রোশনি’-র গ্রাহকদের পরিষেবা দেয়। সরকারের ‘সবার জন্য আবাসন’ দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে আরও বেশি পরিবারকে নিজস্ব গৃহমালিকানার স্বপ্ন পূরণে সক্ষম করে তুলতে সংস্থাটি তার এই ক্রমবর্ধমান শাখা নেটওয়ার্ক এবং বিশেষ উদ্যোগগুলোকে ক্রমাগত কাজে লাগিয়ে যাবে।
