শিলিগুড়ি জংশন বাস টার্মিনাসে পুলিশের অভিযান, বিহারে মদ পাচারের ছক ভেস্তে গ্রেফতার ২

শিলিগুড়ি থেকে বিহারে মদ পাচারের ছক ভেস্তে দিল প্রধাননগর থানার পুলিশ।শিলিগুড়ি জংশন বাস টার্মিনাসে অভিযান চালিয়ে এই সাফল্য পেল  পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ এবং দু’জনকে গ্রেফতার করে প্রধান নগর থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন বিহারের বাসিন্দা এবং অপরজন আলিপুরদুয়ারের জয়গাঁ এলাকার বাসিন্দা।

প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ গোপন সূত্রে খবর পায় জংশন বাস টার্মিনাস দিয়ে বিপুল পরিমাণ মদ পাচারের চেষ্টা করা হচ্ছে। খবর পাওয়ার পরই তৎপর হয়ে ওঠেন পুলিশকর্মীরা। এরপর বাস টার্মিনাস এলাকায় অভিযান চালানো হয়। গতকাল রাতে এই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করার পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম মুন্না শাহ এবং দীপক শাহ।

পুলিশের তরফ থেকে জানা গিয়েছে মুন্না শাহ বিহারের পূর্ব চম্পারণের বাসিন্দা। অন্যদিকে, দীপক শাহ আলিপুরদুয়ারের জয়গাঁ এলাকার বাসিন্দা।  উদ্ধার হওয়া সমস্ত মদ পুলিশ বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি, ধৃত দু’জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এই বিপুল পরিমাণ মদ কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রধাননগর থানার পুলিশ। আজ ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে পেশ করবে প্রধান নগর থানা।