পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে বড়সড় পরিবর্তন এসেছে। ২০৭টি আসনে জয়লাভ করে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে। তবে এই জয়ের আবহের মধ্যেই শহর ও শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে অশান্তি ও ভোট-পরবর্তী হিংসার খবর সামনে আসছে। এই পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনমনে আতঙ্ক ছড়ানো রোধ করতে কড়া অবস্থান নিল কলকাতা পুলিশ।
মঙ্গলবার কলকাতা পুলিশের পক্ষ থেকে সমাজমাধ্যমে একটি বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। লালবাজার জানিয়েছে, ভোটের ফল ঘোষণার পর থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর পোস্ট এবং ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। অনেক ক্ষেত্রে অন্য কোনো জায়গার পুরনো ছবি বা ভিডিওকে কলকাতার বর্তমান পরিস্থিতি দাবি করে জনমানসে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চলছে। পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে, যারা এই ধরণের ভুয়ো খবর এবং প্ররোচনামূলক পোস্টের মাধ্যমে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, বর্তমানে কলকাতার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কোনো সংবাদ যাচাই না করে তা বিশ্বাস না করতে এবং তা অন্যের কাছে শেয়ার না করার জন্য নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
নির্বাচনী ফলাফল স্পষ্ট হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর ও দখলের মতো বেশ কিছু অভিযোগ উঠেছে। কোথাও কোথাও ধস্তাধস্তি ও মারধরের খবর পাওয়া গেলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে বাহিনী। সমাজমাধ্যম ব্যবহারকারীদের সতর্ক করে পুলিশ জানিয়েছে, প্রতিটি পোস্টের ওপর সাইবার সেলের বিশেষ নজরদারি রয়েছে। শান্তির পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
