জাতীয় পতাকা হাতে পূর্বস্থলীতে পড়ুয়াদের সাইকেল মিছিল

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশাত্মবোধ ও স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে পূর্বস্থলী-১ ব্লকে একটি সাইকেল মিছিলের আয়োজন করা হয়। পারুলডাঙ্গা নসরৎপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়।

বিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি মিছিলে অংশ নেন পূর্বস্থলী থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। জাতীয় পতাকা হাতে দেশাত্মবোধক আবহে মিছিলটি হাটসিমলা মোড় হয়ে গোয়ালপাড়া পর্যন্ত যায়। স্বাধীনতার গুরুত্ব, দেশপ্রেম ও জাতীয় ঐক্য সম্পর্কে পড়ুয়াদের সচেতন করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও পুলিশ প্রশাসনের যৌথ অংশগ্রহণে আয়োজিত মিছিলকে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়। মিছিল শেষে স্বাধীনতা দিবসের তাৎপর্য এবং দেশের প্রতি নাগরিকদের দায়িত্ব নিয়ে পড়ুয়াদের উৎসাহিত করা হয়।