মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ গ্রহণ, উচ্ছ্বাসে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর সেই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ইসলামপুর শহরেও দেখা গেল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

ইসলামপুর বাস টার্মিনাসের মুক্তমঞ্চে বড় প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। সেই প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানো হয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষদের। সকাল থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ।

শপথ গ্রহণের মুহূর্তে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ জাতীয় পতাকা হাতে স্লোগান দেন, কেউ আবার আনন্দে একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান। এদিন ঝালমুড়ি খাওয়া থেকে শুরু করে লাড্ডু বিতরণ সব মিলিয়ে উৎসবের আবহ তৈরি হয় ইসলামপুর শহরে।

তবে শুধুমাত্র রাজনৈতিক কর্মীরাই নন, উপস্থিত সাধারণ মানুষও নতুন সরকারের কাছে একরাশ আশা ব্যক্ত করেন। তাঁদের বক্তব্য, নতুন সরকার রাজ্যের উন্নয়ন, কর্মসংস্থান ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করবে বলেই তাঁদের বিশ্বাস।

বিজেপি কর্মী-সমর্থকরা জানান, শপথ গ্রহণকে কেন্দ্র করে দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী দিনেও মানুষের পাশে থেকে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার কাজ চালিয়ে যাবেন।