দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের দাপট অব্যাহত, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গবাসীর জন্য এখনই কোনো সুখবর নেই। ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে আপাতত নিস্তার মিলছে না দক্ষিণের জেলাগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হালকা বৃষ্টি হলেও তাতে তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই। তবে ঝোড়ো হাওয়ার কারণে দুই-এক দিন সাময়িক স্বস্তি মিলতে পারে।

সোমবার উত্তর ২৪ পরগনা, নদীয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম বজায় থাকবে।

অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ছবিটা সম্পূর্ণ আলাদা। সেখানে প্রায় গোটা সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার উত্তরের পাঁচ জেলা— দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবারও আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টি জারি থাকবে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে দমকা হাওয়া বইতে পারে।

ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ-পূর্ব আরব সাগর, দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ অংশে প্রবেশ করেছে। বর্ষা মূল ভূখণ্ডের দিকে এগোলেও পশ্চিমবঙ্গে তা প্রবেশ করতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। সাধারণত কেরল হয়ে এ রাজ্যে বর্ষা ঢোকে, তবে বঙ্গে বর্ষার সঠিক প্রবেশের তারিখ নিয়ে আলিপুর আবহাওয়া দফতর এখনই স্পষ্ট করে কিছু জানায়নি। ফলে দক্ষিণবঙ্গে আপাতত চাতক পাখির মতোই বৃষ্টির অপেক্ষা করতে হবে সাধারণ মানুষকে।