দেশজুড়ে বন্ধ টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ সংস্থা

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র অনুরোধে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে টেলিগ্রামের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় মঙ্গলবার এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। এই পদক্ষেপের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হল টেলিগ্রাম। টেলিগ্রামের দাবি, এই নিষেধাজ্ঞার ফলে দেশের লক্ষ লক্ষ বৈধ ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যা অনুচিত। বুধবার বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চে মামলার জরুরি শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রশ্নফাঁসের কারণে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি বাতিল করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পুনরায় সেই পরীক্ষা নেওয়া হবে ২১ জুন। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম ব্যবহারে কেন্দ্রের কাছে নিষেধাজ্ঞার অনুরোধ জানায় এনটিএ। এনটিএ-র মতে, টেলিগ্রামে থাকা কিছু চ্যানেলের মাধ্যমে প্রশ্নফাঁসের ভুয়ো দাবি ছড়ানো হচ্ছিল, যা পরীক্ষার্থীদের বিভ্রান্ত করছে।

এর আগে টেলিগ্রাম ব্যবহার করে অবৈধ অর্থ লেনদেন ও অনলাইন জুয়ার অভিযোগও উঠে এসেছে। ২০২৪ সালের আগস্টে এই সংক্রান্ত তদন্তের নির্দেশ দেয় কেন্দ্র। একই বছর আর্থিক অনিয়মের অভিযোগে টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভ ফ্রান্সে গ্রেফতার হন এবং পরে জামিনে মুক্তি পান। ভারতে টেলিগ্রামের ব্যবহারকারীর সংখ্যা কয়েক মিলিয়নেরও বেশি। কেন্দ্রের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।