সম্প্রতি মধ্যপ্রাচ্যের বুকে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি ঘাটতির আশঙ্কা তৈরি হয় তার প্রভাব ভারতেও কিছুটা পড়েছে। সরকার জানিয়েছে, হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া সঙ্কটের সময়ে সফলভাবে ৬০টি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হয়েছে।
একই সঙ্গে উপসাগরীয় অঞ্চল থেকে ৩,৯৭২ জন ভারতীয় নাবিককেও নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার আবহে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সমুদ্রপথে বাণিজ্য সচল রাখতে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই নাবিকদের জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এবং উদ্ধার অভিযান পরিচালনায় একাধিক সংস্থাকে সমন্বিতভাবে কাজে লাগানো হয়। সরকারের দাবি, এই পদক্ষেপের ফলে বহু ভারতীয় নাগরিক ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কার্যক্রমকে বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। ফলে দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
