রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ভারতীয় রেলের দূরপাল্লার ট্রেনে সফরের সময় যাত্রীদের আরামের জন্য একাধিক সুবিধা দেওয়া হয়। তার মধ্যে অন্যতম হল বেড-রোল পরিষেবা।
বেড-রোল পরিষেবাও সেই উদ্যোগগুলির অন্যতম, যার ফলে যাত্রীদের বাড়ি থেকে চাদর, কম্বল বা বালিশ বহন করার প্রয়োজন অনেকটাই কমে যায়। এসি শ্রেণির যাত্রীদের দেওয়া বেড-রোলে সাধারণত প্রয়োজনীয় সমস্ত সামগ্রীই থাকে। একটি প্যাকেটে একটি কম্বল, একটি বালিশ, দুটি পরিষ্কার বিছানার চাদর এবং একটি তোয়ালে দেওয়া হয়।
এসি ফার্স্ট ক্লাস, এসি টু-টিয়ার এবং এসি থ্রি-টিয়ারে যাত্রাকারীরা এই সুবিধা পান। নির্দিষ্ট স্লিপার কোচে যাত্রীদের জন্যেও চাদর, বালিশ এবং বালিশের কভার সরবরাহ করা হয়। দুরন্ত এক্সপ্রেসে একটি বেড-রোলের জন্য ২৫ টাকা নেওয়া হয়। গরিব রথ এক্সপ্রেসেও একই হারে অর্থ দিতে হয়। এছাড়া অন্য কিছু ট্রেনে শুধুমাত্র চাদরের জন্য ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত এবং সম্পূর্ণ বেড-রোল সেটের জন্য সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত নেওয়া হতে পারে।
