যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় বড়সড় শক্তিবৃদ্ধি ঘটল। ভারত তার তৃতীয় পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন আইএনএস অরিদমনকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছে।
একই সঙ্গে একটি পৃথক অনুষ্ঠানে অত্যাধুনিক স্টেলথ ফ্রিগেট আইএনএস তারাগিরিকেও কমিশন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। যদিও আইএনএস অরিদমনের আনুষ্ঠানিক কার্যভার গ্রহণ নিয়ে এখনও বিস্তারিত ঘোষণা করা হয়নি, তবে রাজনাথ সিং এক রহস্যময় বার্তায় এটিকে “শব্দ নয়, শক্তি” বলে উল্লেখ করেছেন।
এই সাবমেরিন অন্তর্ভুক্ত হওয়ার ফলে প্রথমবারের মতো ভারতের হাতে সমুদ্রে একসঙ্গে তিনটি কার্যকর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন থাকবে। এর আগে আইএনএস আরিহান্ত (২০১৬) এবং আইএনএস আরিঘাট (২০২৪) নৌবাহিনীতে যুক্ত হয়েছিল। প্রায় ৭,০০০ টন ওজনের এই সাবমেরিন কে-১৫ এবং দীর্ঘ পাল্লার কে-৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম, যা প্রায় ৩,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
