ভারতের অন্যতম শীর্ষ ব্যবসায়িক ব্যবস্থাপনা সফটওয়্যার সংস্থা ট্যালি সলিউশনস প্রাইভেট লিমিটেড পূর্বাঞ্চলে ট্যালি এমএসএমই অনার্স ২০২৬ আয়োজনের মাধ্যমে পূর্ব ভারতের ৪০ জন বিশিষ্ট এমএসএমই উদ্যোক্তাকে সম্মানিত করেছে। ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে এই উদ্যোগ। যার লক্ষ্য খুচরো ব্যবসা, উৎপাদন, পরিষেবা, প্রযুক্তি ও বাণিজ্য ক্ষেত্রে উদ্ভাবন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা উদ্যোক্তাদের স্বীকৃতি দেওয়া।
এবারের পুরস্কারপ্রাপকদের মধ্যে কলকাতা, পাটনা ও রাঁচির পাশাপাশি শিলিগুড়ি, ডালটনগঞ্জ, শিলচর, গোপালগঞ্জ, ধানবাদ, রানিগঞ্জ ও কটকের উদ্যোক্তারাও স্থান পেয়েছেন, যা টিয়ার-২ ও টিয়ার-৩ শহরে উদ্যোগের বিস্তারের প্রমাণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ট্রাস্টের সিইও শুভ্রাংশু সান্যাল, ফিউশন সিএক্স-এর সিইও পঙ্কজ ধানুকা এবং অ্যাক্সিস ব্যাঙ্কের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিনীত খেরা। এছাড়াও টিআইই পুনের চার্টার সদস্য সুপ্রতিক ঘটক এমএসএমই-দের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে একটি কর্মশালা পরিচালনা করেন। এ বছর অ্যাক্সিস ব্যাংক ব্যাংকিং পার্টনার এবং সেলসফোর্স প্রযুক্তি অংশীদার হিসেবে যুক্ত ছিল।
এই আয়োজনে গত ছয় বছরে ৮৫ হাজারেরও বেশি মনোনয়ন জমা পড়েছে, যার ২০ শতাংশের বেশি এসেছে মহিলা পরিচালিত উদ্যোগ থেকে। সাতটি দেশে এক হাজারেরও বেশি এমএসএমই-কে সম্মানিত করেছে এই উদ্যোগ। এবার ৫৮ শতাংশ মনোনয়ন এসেছে টিয়ার-২ ও টিয়ার-৩ শহর থেকে এবং ভিডিও আকারে মাতৃভাষায় আবেদন গ্রহণের পাশাপাশি এআই-ভিত্তিক বাছাই প্রক্রিয়াও চালু করা হয়েছে।
শিলিগুড়ির ডালমিয়া টি প্যাকেজিং প্রাইভেট লিমিটেড-এর কর্ণধার কৃষ্ণন ডালমিয়া ‘বিজনেস মায়েস্ত্রো’ বিভাগে সম্মানিত হন। ট্যালি সলিউশনসের চিফ বিজনেস অফিসার জয়তী সিং জানান, এই উদ্যোগ শুধু পুরস্কার প্রদান নয়, বরং উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক ও উন্নয়নের মঞ্চ তৈরি করছে, যা আগামী দিনের এমএসএমই-দের আরও অনুপ্রাণিত করবে।
মনোনয়নগুলি মূল্যায়ন করেন বেঙ্গালুরুর আওয়েক-এর সম্মানীয় সচিব এবং ইনসাইট ক্যাম সেন্টার-এর প্রতিষ্ঠাতা-প্রবর্তক ও প্রধান সিওও হেমা মালিনী; ভারতীয় জৈন সংঘটনা-র এমএসএমই ন্যাশনাল হেড ও কোচ এবং এমএসএমই অ্যান্ড স্টার্টআপস ফোরাম ভারত-এর জাতীয় উপদেষ্টা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নিরঞ্জন জৈন; এমএসএমই বিভাগের শিল্প ও বাণিজ্য দফতরের যুগ্ম অধিকর্তা ই. ভাস্করণ; ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্ট-এর সিইও শুভ্রাংশু সান্যাল; এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব এমএসএমই-এর অধিকর্তা কে. সূর্যপ্রকাশ গৌড়।
পূর্ব ভারতের ৪০ উদ্যোক্তাকে সম্মান জানালো এবছরের ট্যালি এমএসএমই অনার্স
