ফুলবাড়ি–ঘোষপুকুর বাইপাস রাস্তার কাজের সূচনা করলেন পর্যাটন মন্ত্রী শংকর ঘোষ

দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণের পথে। ফুলবাড়ি টোল গেট থেকে ইনটেক ওয়েল পর্যন্ত ফুলবাড়ি–ঘোষপুকুর বাইপাস রাস্তার পুনর্নির্মাণ কাজের শুভ সূচনা হল বৃহস্পতিবার। প্রদীপ প্রজ্জ্বলন ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে কাজের সূচনা করেন পর্যটন ও সংসদীয় বিষয়ক মন্ত্রী শংকর ঘোষ এবং ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসজেডিএ-র সিইও বীর বিক্রম রাই, ডিসিপি ট্রাফিক কাজি সামসুদ্দিন আহমেদ, প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং স্থানীয় নেতৃত্ব। জানা গিয়েছে, ফুলবাড়ি টোল গেট থেকে ইনটেক ওয়েল পর্যন্ত প্রায় ১.৪০ কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণ করা হবে।

রাস্তার প্রস্থ হবে ১০.৫০ মিটার। পুরনো ও জরাজীর্ণ রাস্তার উপরিভাগ সরিয়ে নতুন করে বিটুমিনাস রাস্তা তৈরি করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ কোটি টাকাদীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যা মিটিয়ে নতুন রাস্তা তৈরি হলে ফুলবাড়ি, ঘোষপুকুর ও সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থায় সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।