প্রবল বৃষ্টিতেও ট্রান্সফরমারে আ*গুন শিলিগুড়ির কলেজপাড়ায়!

প্রবল বৃষ্টির মধ্যেও রক্ষা পেল না বিদ্যুৎ পরিকাঠামো। মঙ্গলবার শিলিগুড়ি কলেজপাড়ায় কলেজের পিছনে অবস্থিত একটি ট্রান্সফরমারে আচমকা বিকট শব্দের পর ভয়াবহ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ট্রান্সফরমারটিকে গ্রাস করলে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে একটি বিকট শব্দ শোনা যায়, তারপরই ট্রান্সফরমার থেকে আগুনের বিশাল শিখা বের হতে থাকে। প্রায় ৪৫ মিনিট ধরে আগুন জ্বলতে থাকায় আশপাশের বাসিন্দারা নিরাপত্তার আশঙ্কায় বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। সঙ্গে সঙ্গে দমকল ও বিদ্যুৎ দপ্তরে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে অস্বাভাবিক দেরি করেছে। রাস্তা চিনতে সমস্যার কারণেই দমকলকে বিভিন্ন এলাকা ঘুরে আসতে হয়েছে বলে দাবি তাঁদের।

যদিও দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।