নির্বাচনের প্রাক্কালে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির মধ্যেই মালদা টাউন রেল স্টেশন থেকে দুই বাংলাদেশিকে গ্রেফতার করল জিআরপি। জানা গিয়েছে, স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে নজরে আসে রেল পুলিশের। এরপরই তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়।
প্রাথমিক জেরাতেই ধরা পড়ে তারা বাংলাদেশি নাগরিক। সঙ্গে সঙ্গেই তাদের গ্রেফতার করা হয়। জিআরপি সূত্রে জানা গেছে, ধৃতদের নাম সফিকুল আলম (৩৮) ও মহম্মদ সোনি (১৯)। তাদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর জেলায়। তদন্তে উঠে এসেছে, দু’দিন আগে কালিয়াচক বা বৈষ্ণবনগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তিনজন। তবে তাদের নিয়ে আসা দালাল মাঝপথেই পালিয়ে যায়।
ধৃতদের উদ্দেশ্য ছিল চেন্নাই যাওয়া। সেই কারণেই তারা মালদা টাউন স্টেশনে টিকিট কাটার চেষ্টা করছিল বলে জানা গিয়েছে। এ বিষয়ে জিআরপি আইসি প্রশান্ত রায় জানান, সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করার সময় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশি বলে স্বীকার করে। এরপর আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। রেল পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত দালাল চক্রের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
