শুরু হচ্ছে নতুন মেট্রোর কাজ

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। কলকাতা মেট্রোর অগ্রগতি নিয়ে নতুন করে কাজ শুরু হয়েছে। শহর থেকে শহরতলিতে সম্প্রসারিত হচ্ছে মেট্রো। হাওড়া, শিয়ালদহের মতো বড় স্টেশনগুলির পাশাপাশি এয়ারপোর্টেও তৈরি হয়েছে মেট্রো।

দেশের বেশ কিছু শহরের মূল প্রবেশদ্বারে রয়েছে মেট্রো স্টেশন। এবার কলকাতা নিয়েও তেমনই ভাবনা চিন্তা করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, কলকাতা স্টেশনকে মেট্রো নেটওয়ার্ক সংযুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখার জন্য সমীক্ষা শুরু হচ্ছে। আপাতত কারিগরি ও ট্রাফিক সার্ভে শুরু হতে চলেছে। প্রাথমিক সমীক্ষার অনুমতিও দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, কলকাতা স্টেশন থেকে করুণাময়ী পর্যন্ত নতুন মেট্রো রুট তৈরির পরিকল্পনা করা হচ্ছে। ক্ষুদিরাম বসু রোড, বাগজোলা খাল পার্শ্ববর্তী রাস্তা, সল্টলেকের ৬ নম্বর আইল্যান্ড হয়ে করুণাময়ী পৌঁছাতে পারে এই নতুন মেট্রো রুট। উল্লেখ্য, করুণাময়ীতে গ্রিন লাইনের মেট্রো স্টেশন রয়েছে। নতুন মেট্রো লাইন সম্প্রসারিত হলে অন্য রুটের সঙ্গে জুড়ে দেওয়া হবে। ৮ লক্ষ টাকা খরচ হবে বলে খবর।