ইয়ামাহা মোটর ইন্ডিয়া নিয়ে এল অল নিউ ‘YZF-R2’

ভারতের প্রিমিয়াম মোটরসাইকেল বাজারে নতুন বিপ্লব ঘটিয়ে ইয়ামাহা মোটর ইন্ডিয়া নিয়ে এল তাদের বহু প্রতীক্ষিত অল নিউ ‘YZF-R2’। প্রতিযোগিতায় ভরপুর ২০০সিসি সেগমেন্টে এটি ইয়ামাহার প্রথম বাইক, যার প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লক্ষ ৩০ টাকা ৫০০ টাকা। বিশ্বখ্যাত আর-সিরিজের আদলে তৈরি এই মোটরসাইকেলটি জাপানি প্রযুক্তির সঙ্গে ভারতীয় প্রকৌশলের যৌথ প্রয়াসে নির্মিত হয়েছে, যা তরুণ প্রজন্মকে খাঁটি সুপারস্পোর্টস পারফরম্যান্স ও আধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা দিতে প্রস্তুত।

সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মের ওপর তৈরি এই বাইকটিতে রয়েছে ২০৪ সিসি, লিকুইড-কুলড, ৪-স্ট্রোক, DOHC ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ২৬.৫ পিএস শক্তি এবং ১৯.১ এনএম টর্ক পাওয়া যায়। বাইকটির ওজন মাত্র ১৪৯ কেজি, যা এর সেগমেন্টে এটিকে সবচেয়ে হালকা করে তুলেছে। এছাড়া এর ডিজাইন ও চেসিস তৈরি হয়েছে বিখ্যাত R6-এর আদলে, যা হাই-স্পিড স্থিতিশীলতা এবং নিখুঁত হ্যান্ডলিং নিশ্চিত করে। স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে বাইকটিতে ডুয়াল-চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম বা TCS, এবং ৩৭ মিমি USD ফ্রন্ট ফর্ক দেওয়া হয়েছে।

‘YZF-R2’ মূলত তিনটি ভেরিয়েন্টে বাজারে এসেছে। বেস ভেরিয়েন্টের দাম ২ লক্ষ ৩০ হাজার ৫০০ টাকা, যা মেটালিক ব্ল্যাক ও ডার্ক ব্লুইশ গ্রে রঙে পাওয়া যাবে। দ্বিতীয় ভেরিয়েন্টটি Quick Shifter সহ উপলব্ধ যার দাম ২ লক্ষ ৩৯ হাজার ৫০০ টাকা, এটি পাওয়া যাবে ম্যাট হোয়াইট পার্ল ও রেসিং ব্লু রঙে। আর টপ-এন্ড ‘YZF-R2M’ ভেরিয়েন্টটি মেটালিক গ্রে রঙে উপলব্ধ, যার দাম ২ লক্ষ ৫৩ হাজার টাকা। M ভেরিয়েন্টে প্রিমিয়াম থ্রিডি এমব্লেম, অ্যাডজাস্টেবল সাসপেনশন এবং ফাইভার সুয়েড ফিনিশড সিট রয়েছে। বাইকটিতে ৫ ইঞ্চির ফুল-কালার টিএফটি ডিসপ্লে এবং তিনটি রাইডিং মোড Street, Sport, Rain যুক্ত করা হয়েছে।

আগামী বছরের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে ভারতের সমস্ত Blue Square ডিলার শপে এই নতুন বাইকটি পাওয়া যাবে। ইয়ামাহার এই নতুন সংযোজন দেশের তরুণ রাইডারদের মধ্যে সুপারস্পোর্টস বাইকের অভিজ্ঞতাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।