মালদায় জাতীয় লোক আদালতে সাড়ে ১২ হাজার মামলা!

দুই পক্ষের মধ্যে বিরোধ দ্রুত ও আপসের মাধ্যমে মেটানোর অন্যতম বিকল্প ব্যবস্থা জাতীয় লোক আদালত। শনিবার চলতি বছরের তৃতীয় জাতীয় লোক আদালতের আসর বসল মালদায়। মালদা সদর ও চাঁচল মহকুমায় একসঙ্গে এই লোক আদালতের আয়োজন করা হয়।

মালদা সদরে ১১টি এবং চাঁচল মহকুমায় পাঁচটি বেঞ্চ বসে। মোট ১৬টি বেঞ্চে প্রায় সাড়ে ১২ হাজার মামলা নিষ্পত্তির জন্য পেশ করা হয়। জাতীয় লোক আদালতের কাজকর্ম তদারকি করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা জেলা জজ। মামলা পূর্ববর্তী ও বিচারাধীন—দুই ধরনের বিরোধই আপসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়।

মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অমর্ত্য চক্রবর্তী জানান, লোক আদালতের মাধ্যমে দুই পক্ষের সম্মতিতে বিরোধ মেটানোর চেষ্টা করা হয়। এতে মামলাকারীদের সময় ও অর্থ—দুইয়েরই সাশ্রয় হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা মামলার দ্রুত নিষ্পত্তির সুযোগও তৈরি হয়।