ছাত্র বিক্ষোভের জেরে শেষপর্যন্ত পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ কলেজের ভাইস প্রিন্সিপাল। কলেজ থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি দাবি করেন, স্বেচ্ছায় পদত্যাগ করেননি, তাঁকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। তাঁর পদত্যাগের পর কলেজ চত্বরে উচ্ছ্বাস প্রকাশ করেন পড়ুয়ারা। গঙ্গাজল ও ধূপ দিয়ে কলেজের ‘শুদ্ধিকরণ’ও করেন তাঁরা।
পড়ুয়াদের অভিযোগ, প্রায় ৯৮ শতাংশ ছাত্রছাত্রীর নাম অ্যাটেনডেন্সের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নিয়মিত কলেজে এলেও তাঁদের উপস্থিতি নথিভুক্ত করা হয়নি। এমনকি সঠিক অ্যাটেনডেন্স রেজিস্টার না রেখে সাদা কাগজে উপস্থিতি নেওয়া হতো বলেও অভিযোগ করেন তাঁরা। এছাড়া, টিএমসিপির সভায় গেলে তবেই অ্যাটেনডেন্স দেওয়া হতো বলেও অভিযোগ।
পরীক্ষায় বসার বিষয়েও পড়ুয়াদের সঙ্গে ভাইস প্রিন্সিপালের মতবিরোধ তৈরি হয়েছিল বলে দাবি তাঁদের। গভর্নিং বডির নতুন সভাপতি কৌস্তব বাগচী পরীক্ষায় পড়ুয়াদের জরিমানা ছাড়াই বসার সুযোগ দেওয়ার বিষয়ে রেজুলেশন তৈরি করেছিলেন বলে দাবি ছাত্রদের। এবার বিষয়টি নিয়ে সভাপতির সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন তাঁরা।
তবে ছাত্রদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পদত্যাগী ভাইস প্রিন্সিপাল। তাঁর দাবি, পড়ুয়ারা নিয়মিত কলেজে উপস্থিত থাকতেন না, তাই তাঁদের অ্যাটেনডেন্স দেওয়া হয়নি।
