বিশ্ব প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি ভারত: লক্ষ্মী মিত্তাল

গত ২০ বছর ছিল চীনের প্রবৃদ্ধির যুগ, আর এখন সেই সুযোগ ভারতের সামনে। অবকাঠামো সম্প্রসারণ, নগর আবাসন বৃদ্ধি এবং জ্বালানি রূপান্তর-সংক্রান্ত বিনিয়োগ ভারতের প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে এমনটাই মনে করছেন আর্সেলরমিত্তালের এক্সিকিউটিভ চেয়ারম্যান লক্ষ্মী মিত্তাল।

নিউইয়র্কে অনুষ্ঠিত গ্লোবাল স্টিল ডায়নামিক্স ফোরাম ২০২৬-এ ভিডিও বার্তায় মিত্তাল বলেন, মিত্তাল স্টিল ও আর্সেলরের একীভূতকরণ একটি আরও শক্তিশালী, বৈচিত্র্যময় ও স্থিতিশীল প্রতিষ্ঠান তৈরি করেছে, যা বৈশ্বিক আর্থিক সংকট ও কোভিড-১৯-এর মতো বড় চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে।তিনি বলেন, ২০২৬ সালের ব্যবসায়িক পরিবেশ ২০০৬ সালের তুলনায় অনেক বেশি দ্রুতগতির, বৈশ্বিক, প্রযুক্তিনির্ভর এবং পরিবেশগত সীমাবদ্ধতায় আবদ্ধ। তাই ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকার যথেষ্ট কারণ রয়েছে।

চলতি বছরের ৩১ জুলাই আর্সেলরমিত্তালের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতীতের অভিজ্ঞতা স্মরণ করে মিত্তালবলেন, ভারত সহ উদীয়মান অর্থনীতিতে উন্নত দেশগুলোর অবকাঠামো পুনর্গঠন এবং জ্বালানি রূপান্তরের চাহিদা ইস্পাত শিল্পের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে। একই সঙ্গে অনুষ্ঠান থেকে তিনি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক ইস্পাত শিল্প গড়ে তুলতে দেশীয় শিল্পনীতির গুরুত্বের ওপরও জোর দেন।